বাংলাধারা ডেস্ক »
যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৯ নভেম্বর) গণভবন থেকে ভার্চ্যুয়ালি নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত রয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু রেলসেতু হবে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্রাকসহ প্রায় ৪ দশমিক ৮০ কিলোমিটার। সেতুর উভয় পাশে মোট প্রায় ৩০ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে। রেলসেতুটি ডুয়েলগেজ ডাবল ট্র্যাক হওয়ায় পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী সংশ্লিষ্ট ট্রেনগুলোর ক্রসিংজনিত কারণে আগের মতো স্টেশনগুলোতে অপেক্ষা করতে হবে না। এ সেতুতে গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপন করা হবে।
২০২৪ সালের আগস্ট মাসে এ রেলসেতুর নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন রেলপথমন্ত্রী।
বাংলাধারা/এফএস/এআর












