আনোয়ারা প্রতিনিধি »
বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে মাছ ধরার সময় এফভি যানযাবিল নামের মাছ ধরার একটি ফিশিং বোট দূর্যোগপূর্ণ আবহাওয়া উল্টে গিয়ে ২৬ জন নাবিকসহ ডুবে গেছে বলে জানা গেছে।
শনিবার(২৩ জানুয়ারী) ভোরে এ দূর্ঘটনা ঘটে। এসময় আশপাশের অন্য মাছ ধরার জাহাজ ,কোস্টগার্ড ও নৌ-বাহিনীর যৌথ অভিযানে ১২ জন নাবিককে জীবিত ও ৪ জনকে মৃত উদ্ধার করতে সম্ভব হলেও ১০ জন নাবিক নিখোঁজ রয়েছে ।
রবিবার(২৪ জানুয়ারী) সকালে নিহত ৪ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা হলেন নোয়াখালী জেলার মো. ইসমাইল (৫০), গোপালগঞ্জ জেলার সালমান গাজী (৪৮), ভোলা জেলার রফিকুল ইসলাম নাছির (৫২) ও শাহ জামাল (৫১)। কোস্টগার্ড ও নৌ-বাহিনীর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এফবি যানযাবিল ফিশিং বোটের মালিক কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানায়, গত ১৯ জানুয়ারী ২৬ জন নাবিক নিয়ে কর্ণফুলী নদী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পর গত শনিবার ভোরে সেন্টমার্টিনদ্বীপের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে দুর্ঘটনার শিকার হয়। তিনি আরো জানায়, দূর্যোগপূর্ণ আবহাওয়া, ঘন কুয়াশা ও দুটি বড় জাহাজের মাঝখানে পড়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানতে পারেন।
কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার ভোরে বঙ্গোপসাগরে মাছ ধরার ফিশিং বোট ডুবির ঘটনায় ৪ জন নাবিককে মৃত্যু আর ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত আরো ১০ নাবিক নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের একটি ও নৌ-বাহিনীর দুটি জাহাজ অভিযান পরিচালনা করছেন।
বাংলাধারা/এফএস/এইচএফ












