বাঁশখালী প্রতিনিধি »
বাঁশখালী ট্রলির সাথে অটোভ্যানের ধাক্কায় মো. মোস্তাক আহমদ (৩৭) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাঁশখালীর প্রধান সড়ক সংলগ্ন শেখেরখীল রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মোস্তাক আহমদ উপজেলার শিলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ওমর আলী চৌকিদার বাড়ির নুর আহমদের ছেলে। তিনি একজন মৌসুমভিত্তিক ক্ষুদ্র ফল ব্যবসায়ী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মোস্তাকের অটোভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা
দ্রুত গতির ট্রলির ধাক্কা লাগে। এতে ভ্যানচালক মোস্তাক ট্রলির ধাক্কায় রাস্তায় পড়ে যায় এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এসময় স্থানীয়রা মোস্তাককে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চাম্বলে অবস্থিত বাঁশখালী ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাহাত হাসান চৌধুরী বলেন, ‘মোস্তাক গুরুত্বর আহত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তাক আহমদের পরিবার থানায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য একটি লিখিত আবেদন করেছে। ময়নাতদন্ত ছাড়া মোস্তাকের পরিবারকে লাশ ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি।












