বাঁশখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কাথরিয়া ইউনিয়ন ও পৌরসভার উত্তর জলদিতে পৃথক দুর্ঘটনায় এই তিন শিশুর মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো— উপজেলার কাথরিয়া ইউনিয়নেের ৩নং ওয়ার্ড বাঘমারা এলাকার কৃষক রেজাউল করিমের মেয়ে জুবাইদা সুলতানা (৬) ও সানজিদা সুলতানা (৪) এবং উত্তর জলদি এলাকার মো. হামিদের মেয়ে মোবাশশ্বিরা হোবাইফা (২)।
নিহত শিশুর পরিবার সুত্রে জানা যায়, ঈদের পর মায়ের সাথে পাশের গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় জুবাইদা সুলতানা ও সানজিদা সুলতানা। দুপুরে নানা বাড়ির সবাই ধানের কাজ ব্যাস্ত থাকায় সবার অগোচরে পুকুরে পড়ে যায় দুই বোন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে নানা বাড়ির লোকজন। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপরদিকে বিকালে বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় হোবাইফা। সে একটু একটু হাঁটতে পারত। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ভাসতে দেখা যায়। এরপর পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এর আগে গত রোববার উপজেলার পুকুরিয়া ইউনিয়নের শঙ্খ নদে ডুবে মারা যায় কৃষক সাজ্জাদ হোসেনের দুই শিশু ছেলে। বাবার সঙ্গে ধানের কাজে গিয়ে নদে ডুবে যায় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুই দিনের ব্যবধানে ৫ শিশুর মৃত্যুতে আতঙ্ক বিরাজ করছে সবার মনে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদুজ্জামান চৌধুরী বলেন, মঙ্গলবার বিকালে খেলতে গিয়ে উপজেলার কাথরিয়ায় দুই বোন পুকুরের পানিতে ডুবে মারা যায়। তাদের দাফনের জন্য উপজেলা প্রশাসন থেকে ৪০ হাজার টাকা দেয়া হয়েছে। পরে অফিসে এসে জানতে পারি, জলদি এলাকায় একই সময়ে দেড় বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।












