২৬ মার্চ ২০২৬

বাঁশখালীতে হাইকোর্টের নির্দেশে পাহাড় ভরাট

বাঁশখালী প্রতিনিধি»

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের কোকদন্ডী খেদামুড়ার পাহাড় কাটা অংশটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হাইকোর্টের নির্দেশে ভরাট কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া পাহাড় ভরাট কাজ সার্বিক দেখাশোনা ও নিয়মিত পরির্দশন করছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজাহারুল ইসলাম, কালিপুর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. আ.ন.ম শাহাদত আলমসহ সরকারি কর্মকর্তারা।

জানা যায়, ২০১১ সালে ‘বাঁশখালীতে পাহাড় কেটে ৬ মাসে ২৬ হাজার ট্রাক মাটি বিক্রি’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে। এই রিটের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৪ জুলাই হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন তিন দফা নির্দেশনা দেন। এই রিট পিটিশন শুনানিতে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করা হয়।

ওই নির্দেশনা অংশে বলা হয়, বিশেষজ্ঞ মতামত নিয়ে এক বছরের মধ্যে জঙ্গল কোকদন্ডী খেদামুড়াটি আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং সরকারের কাছ থেকে এ ব্যাপারে কাজের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা, পাহাড় আগের অবস্থায় ফিরিয়ে আনতে যে অর্থ খরচ হবে, তা মাঠি বিক্রি করার জন্য দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে আদায় করা, যেসব সরকারী কর্মকর্তার নিষ্ক্রিয়তায় পাহাড় ধ্বংস করা হয়েছে,তাদের বিরুদ্ধে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

সেই নির্দেশ অমান্য করার দায়ে গত ৩০ জুন চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্তমান ও তৎকালিন দায়িত্ব পালন করা চট্টগ্রামের সাবেক ও বর্তমান ডিসি, সাবেক ও বর্তমান পুলিশ সুপার,সাবেক ও বর্তমান ইউএনও, সাবেক ও বর্তমান ওসি সহ ৯ জন সরকারী কর্মকর্তার বিরুদ্ধে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ আদালত অবমাননার অভিযোগ দায়ের করলে উচ্চ আদালত গত ৪ জুলাই এ আদেশ দেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী  কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়নে ২০ লাখ টাকা ব্যয়ে কেটে ফেলা গুনাগরি পাহাড়ের ভরাট কার্যক্রম শুরু করা হয়েছে। পাহাড় ভরাটের মাধ্যমে গুনাগরি পাহাড়কে পূর্বের রূপে ফিরিয়ে আনা হবে। তাই ৩০টি ট্রাক ও অর্ধশতাধিক শ্রমিক মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন