বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়া উপজেলার সীমান্ত এলাকার ড্রাম্পার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতকানিয়া-বাঁশখালী সংযোগ সড়কের চনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বান্দরবানের হালাঘাট এলাকার বাসিন্দা ৩২ বছর বয়সী ছোটন জলদাস ও তার ৮ বছর বয়সী ছেলে শুভ্র জলদাস। আহত তিনজন হলেন ছোটনের স্ত্রী সোনালী জলদাস, অটোরিকশা চালক মর্তুজা ও পারভেজ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দীন বলেন, ‘মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাঁশখালী থেকে আসার পথে একটি সিএনজি অটোরিকশা ও বিপরীতমুখী একটি ড্রাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার সবাই আহত হন। তাদের উদ্ধার করে বাঁশখালীর গুনাগারী আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে সোনালীর অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের গুনাগারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
ঘটনার পরপরই ড্রাম্পারের চালক পালিয়ে যান। গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
গুনাগরি আধুনিক হাসপাতালে কর্তব্যরত ডাক্তার সুজন জানান, বিকেল ৬,টার দিকে সাতকানিয়া গামী সিএনজি অটোরিকশা ও বিপরীতমুখী একটি ড্রাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত ৫জন রোগী হাসপাতালে আসে। তাদের মধ্যে ২জন মৃত ছিল। আহত একজন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুইজন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
বাংলাধারা/এফএস/এফএস












