চট্টগ্রামের চন্দনাইশে বাকপ্রতিবন্ধী সালমা আকতার (৩৫) নামে চার কন্যা সন্তানের জননীকে হত্যা করে পালিয়েছে স্বামী নুরুল হুদা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে দোহাজারী জামিজুরী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পাষণ্ড নুরুল হুদা ইতিমধ্যে তার ২ শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছে। বড় মেয়ে নুর জাহান (৪) দাদীর সাথে থাকে। তাকেও সে অনেকবার বিক্রি করার চেষ্টা করে। কিন্তু পরিবার ও এলাকাবাসীর বাঁধার মুখে আর পারেনি। সম্প্রতি সে তার ১২দিন বয়সী কন্যা শিশুটিও বিক্রি করার পায়তারা চালায়। এতে তার স্ত্রী বাধা দিলে তার উপর কয়েকবার হামলা চালায় নুরুল হুদা।
রোববার রাতে নুরুল হুদা তার স্ত্রী সালমাকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে।
জানা যায়, ৫ বছর আগে নুরুল হুদা সালমা আকতারকে নিয়ে জামিজুরী এলাকায় বসবাস শুরু করে। নুরুল হুদার দৃশ্যমান কোন আয় রোজগার নেই। সম্প্রতি চুরিতে ধরা খাওয়ার পর স্থানীয়রা নুরুল হুদাকে মারধরের পর বেঁধে রেখেছিল।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন জানান, স্ত্রীকে হত্যা করে লাশ গোপনে দাফনের সংবাদ পেয়ে সকালে গিয়ে লাশ উদ্ধার করেছি। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।













