চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকায় বাড়ির পাশে ছুরিকাঘাতে আব্দুস সোবহান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সোবহান নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির নুর ইসলামের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, স্বজনদের দেওয়া তথ্যমতে, বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় নিজ বাড়িতে পূর্বশত্রুতার জেরে আব্দুস সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত আব্দুস সোবহানের বিরুদ্ধে অতীতে একাধিক মাদক ও হত্যা মামলার অভিযোগ ছিল বলে জানা গেছে।
২০২৫ সালের ২৫ জুলাই বাকলিয়ার আরাকান রোডসংলগ্ন গাফফার কলোনি এলাকায় মাদক কারবারি মহিউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সোবহানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভাড়াটে খুনি দিয়ে বিদেশি অস্ত্রের মাধ্যমে মহিউদ্দিনকে হত্যা করান সোবহান। পরে নিজেই পুলিশকে ফোন করে হত্যাকারীকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে সহায়তা করেন। শেষ পর্যন্ত ওই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৮ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোবহানের বিরুদ্ধে ১৮ মাদক মামলা ও একটি হত্যা মামলা ছিল।













