৩১ মার্চ ২০২৬

বাছাইপর্বের ফাইনালে বাঘিনীরা, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত

বাংলাধারা ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ নারী দল তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেয় সেমি ফাইনালে। সেমিতে সালমা খাতুনের দলটির প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। সেই ম্যাচে ৪ উইকেটের জয়ে বাঘিনীরা নিশ্চিত করলো ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরের টিকিট।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রথম সেমিতে ডান্ডিতে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ ছিল গ্রুপ ‘বি’ রানার্সআপ আয়ারল্যান্ড। আর দ্বিতীয় সেমিতে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন থাইল্যান্ডের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’ রানার্সআপ পাপুয়া নিউগিনি। ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর। ফাইনালে ওঠা দু’টি দলই আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে।

ডান্ডিতে আগে ব্যাটিংয়ে নেমে আইরিশ মেয়েরা ২০ ওভারে অলআউট হওয়ার আগে করে ৮৫ রান। জবাবে, বাংলাদেশ ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয়। ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৮৬ রান।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন দলপদি ডিলানি। এছাড়া, ২৫ রান আসে রিচার্ডসনের ব্যাট থেকে। ১০ রান করেন প্রেনডারগাস্ট। ফাহিমা খাতুন ৪ ওভারে ১৮ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পান জাহানারা, নাহিদা, সালমা, রিতু মনি।

৮৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার মুর্শিদা খাতুন ১৫ বলে করেন ১৩ রান। আয়েশা রহমান ৭, নিগার সুলতানা ১ রান করে বিদায় নেন। ফারজানা হক (২), ফাহিমা খাতুন (০) বেশিদূর যেতে পারেননি। একপ্রান্তে দাঁড়িয়ে সানজিদা ইসলাম দলকে টানতে থাকেন। রিতু মনি রানআউট হওয়ার আগে করেন ১৫ রান। সানজিদা ৩৭ বলে তিনটি বাউন্ডারিতে করেন অপরাজিত ৩২ রান। জাহানারা ৬ রানে অপরাজিত থাকেন।

বাংলাধারা/এপএস/এমআর

আরও পড়ুন