২২ অক্টোবর ২০২৬

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন!

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের বিধান থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে সময়ের সঙ্গে নাগরিকদের চেহারা ও বায়োমেট্রিক তথ্যের পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে নবায়ন বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা চলছে।

ইসি সূত্র জানায়, দীর্ঘ ১৫ বছরে একজন মানুষের মুখাবয়ব, শারীরিক গঠন এমনকি আঙুলের ছাপেও পরিবর্তন আসে। অনেকেই চিকিৎসা বা কসমেটিক সার্জারির মাধ্যমে চেহারায় পরিবর্তন আনেন। বয়স বৃদ্ধির কারণে আঙুলের ছাপের গুণগত মানও কমে যেতে পারে। ফলে পরিচয় শনাক্তকরণে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এসব সমস্যা দূর করতেই এনআইডির তথ্য নিয়মিত হালনাগাদের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনের ধারা ২ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত ফি পরিশোধ করে কমিশনের কাছে নবায়নের আবেদন করতে হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধিতে বলা হয়েছে, এনআইডি নবায়নের আবেদন ফরম-৫ অনুযায়ী সরাসরি অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করা যাবে।

সরাসরি আবেদনের ক্ষেত্রে ফি জমার রসিদ সংযুক্ত করে আবেদন ‘জরুরি’ বা ‘সাধারণ’ হিসেবে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করলে রসিদের স্ক্যান কপি আপলোড করতে হবে।

জরুরি আবেদন নির্বাচন কমিশনে এবং সাধারণ আবেদন স্থানীয় নির্বাচন অফিসে জমা দিতে হবে। বিধিমালা অনুযায়ী, জরুরি আবেদন সাত দিনের মধ্যে এবং সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা রয়েছে।

নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে- সাধারণ আবেদন: ১০০ টাকা ও জরুরি আবেদন: ১৫০ টাকা। বর্তমানে অধিকাংশ নাগরিক এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন কার্ডের জন্য আবেদন করেন। সে ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদনের জন্য ২০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ৩০০ টাকা ফি দিতে হয়।

দ্বিতীয়বার হারালে সাধারণ আবেদন ৩০০ টাকা ও জরুরি আবেদন ৫০০ টাকা। পরবর্তী যেকোনোবার সাধারণ আবেদনের জন্য ৫০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ১ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে।

এ বিষয়টি নিয়ে ইসি সচিব আখতার আহমেদ বাংলাধারাকে বলেন, “এটা হচ্ছেই। কেউ চাইলে যখন-তখন নবায়ন করতে পারেন। হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আবেদন করে নতুন এনআইডি নিচ্ছেন।”

অন্যদিকে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, “বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এটি বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে। পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, নাগরিকদের পরিচয় নিশ্চিতকরণ আরও নির্ভুল ও আধুনিক করতে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইনগত ও প্রশাসনিক বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন