বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাঘমারা বাজারের ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক (এনডিসি,এএফডব্লিওসি,পিএসসি)।
এসময় বান্দরবান রিজিয়ন ও সেনা জোনের যৌথ উদ্যেগে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবার মাঝে চাউল ৫ কেজি, ডাল ২ কেজি, কম্বল ১৬টি, পানি ২ লিটার, লবণ ১ কেজি, আটা ২ কেজি ও সয়াবিন তেল ৫শ গ্রামসহ নগদ অর্থ ১ লাখ ২৮ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় বান্দরবানের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ মঈনুল হক (এসইউপি,পিএসসি) নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মো. মাহমুদুল হাসান পিএসসিসহ জোনের উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদানকালে পরবর্তীতে তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে যত সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এবং পার্শ্ববর্তী সকলকে উদ্দেশ্য করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানানো হয়।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলা ৬নং জামছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘমারা বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারে থাকা ১৫টি দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।












