বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ক্লাবের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)।
এসময় বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে মোট সাতটি সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধীর জন্য একটি হুইল চেয়ার, একটি রিক্সা ও পাঁচটি ভ্যানসহ সর্বমোট ১৪ জনকে এসব সহায়তা প্রদান করা হয়।
অন্যদিকে নগদ অর্থ সহায়তার মধ্যে ঘর নির্মাণ, চিকিৎসা, অপারেশন, শিক্ষাবৃত্তি, মেয়ের বিবাহ, স্কুল কলেজ ভর্তি ও বই ক্রয় সহ সর্বমোট ৬৪ জনকে নগদ ৫ লখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়াও জাবালে নূর জামে মসজিদের জন্য টয়লেট নির্মাণ, দক্ষিণ কালাঘাটা রাজানগর বাইতুন নুর জামে মসজিদের সংস্কার, হাজীপাড়া জামে মসজিদ এর জন্য চারটি মাইক এবং সর্বোপরি এডেন পাড়া রেনেসাঁ ক্লাব এর জন্য দুইজোড়া তবলা ও একটি গিটার প্রদান করা হয়।
অনুষ্ঠানে দুস্থ অসহায় মাঝে ৭১ জন বাঙালি ও ১১ জন পাহাড়িসহ তিনটি মসজিদ ও একটি ক্লাবসহ সর্বমোট ৮২ জনকে মোট ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।
এসময় বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিজবাহুল ইসলাম ফুয়াদের সঞ্চালনায় বান্দরবান জোনের জোন কমান্ডার ও ৫ ই বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসিসহ রিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের মাধ্যমে সকলকে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান। তিনি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী সর্বদা অভাব দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। আজকে এই মানবিক সহায়তা প্রদান তার একটি দৃষ্টান্ত মাত্র ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন। সর্বোপরি তিনি সকলকে সেনাবাহিনী তথা প্রশাসনকে পার্বত্য অঞ্চল কে সন্ত্রাস দুর্নীতি মুক্ত ও শান্তি ফিরিয়ে আনতে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।












