বান্দরবান প্রতিনিধি »
বান্দরবান আলীকদম উপজেলায় প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও বজ্রপাতে ক্ষয় ক্ষতির পরিমাণ কমাতে লামা বনবিভাগের মাতামুহুরী রেঞ্জ ৫ হাজার তালের বীজ বপনের কর্মসূচী গ্রহণ করেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বীজ রোপনের এই কর্মসূচীর অংশ হিসেবে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ভুজির মুখ এলাকায় এসব তালবীজ বপন করেন বিভাগীয় বন কর্মকর্তা এস এম কাইছার।
স্থানীয়দের উদ্বুদ্ধ করা গেলে আরো প্রয়োজনীয় পরিমাণ তাল বীজ সরবরাহ করার কথাও জানিয়েছেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নুরে আলম হাফিজ, লামা বন বিভাগের আওতাধীন তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরী, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।
এসময় বন কর্মকর্তা কাইছার বলেন, বর্তমান সময়ে বজ্রপাতে বেশি পরিমাণে ক্ষয় ক্ষতি হচ্ছে। প্রতিনিয়তই লোকজন মারা যাচ্ছে। তাল গাছ এমন একটি গাছ, এটি বজ্রপাতকে টেনে নিয়ে দুর্বল করে দেয়। যার ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে তালের বিস্তার অনেক কম। তালের বিস্তার ঘটানোটাও আমার একটি উদ্দেশ্য।
তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে যদি কেউ তাল বীজ রোপন করতে চায় তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে চারা সরবরাহ করবো।
উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর যাবত আলীকদম-ফাসিয়াখালী সড়কের দুধারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর রোপন কৃত দুর্বল প্রজাতীর রোইনট্রি স্থানীয় বিদ্যুৎ সংযোগের উপর মারাত্মক প্রভাব ফেলে আসছে। স্থানীয় সংবাদিকরা এসব গাছ নিলামে বিক্রয় করে তাল জাতীয় গাছ রোপনের জন্য লেখালেখি করলেও কোন কাজে আসেনি। তবে উপজেলা প্রশাসন থেকে একাধিকবার এসব গাছ নিলামের জন্য চিঠি লিখা হয়েছে বলে তৎকালীন ইউএনওরা জানিয়েছেন।
বাংলাধারা/এফএস/এএ












