২৬ মার্চ ২০২৬

বাবা-মা ধূমপায়ী হলে সন্তানের ধূমপায়ী হওয়ার আশঙ্কা চার গুণ

বাংলাধারা ডেস্ক»

ব্রিটেন সরকারের করা এক গবেষণায় দাবি করা হয়েছে, কোনো পরিবারে বাবা-মা ধূমপায়ী হলে সেই পরিবারের শিশুদের ধূমপান করার আশঙ্কা চার গুণ বেশি। ধূমপানবিরোধী প্রচারণা চালানো ‘বেটার হেলথ’ এর গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

বলা হয়েছে, যুক্তরাজ্যে চার দশমিক ৯ শতাংশ তরুণ-তরুণী ধূমপান করে যাদের পরিবারে মা-বাবা ধূমপান করেন। আর যে পরিবারে মা-বাবা ধূমপান করেন না সেই পরিবারের সন্তানদের ধূমপানের হার ১ দশমিক ২ শতাংশ।

এই গবেষণার পর গবেষকরা সতর্ক করে বলেছেন, নতুন বছর আসার আগেই মা-বাবার ধূপমান ত্যাগ করা উচিত। এ নিয়ে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য বিভাগ একটি ফিল্ম তৈরি করেছে এবং মা-বাবার ধূমপানের সঙ্গে সন্তানের ধূমপানের সংযোগ খুঁজছে।

জিপি ডা. নিঘাট আরিফ এবং শিশু মনোবিজ্ঞানী ডা. বেটিনা হোহেন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের জন্য মা-বাবাকে তাদের ধূমপানের অভ্যাসে পরিবর্তন আনতে হবে। যেসব সন্তানের মূল অভিভাবকরা ধূমপান করেন তাদের ধূমপান করার হার ২ শতাংশের বেশি।

আরও পড়ুন