১৩ মার্চ ২০২৬

বারৈয়ারহাট-রামগড় সড়ক প্রশস্তকরণে ৮৪৫কোটি টাকা অনুমোদন

খাগড়াছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামে দেশের ২৩তম রামগড় স্থলবন্দরের কাজ এগিয়ে চলেছে। জেলার বারৈয়ারহাট থেকে হেঁয়াকো হয়ে রামগড় পর্যন্ত বন্দরের ৩৮ কিলোমিটার সংযোগ সড়কের প্রকল্প একনেক অনুমোদন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বদলে যাবে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য। ৮৪৫ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে বারৈয়ারহাট-হোঁঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ আগষ্ট) এনইসি সভাকক্ষে একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এক অনলাইন সংবাদ সম্মেলনে একনেকে অনুমোদিত প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, বারৈয়ারহাট-হোঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পটি খাগড়াছড়ির রামগড় উপজেলায় সড়ক ও মহাসড়ক বিভাগ ২০২৪ সাল মেয়াদে বাস্তবায়ন করবে। ৮৪৫ কোটি ৫৩ লাখ টাকা প্রকল্প ব্যয়ের মধ্যে ভারতীয় ক্রেডিট লাইনের ঋণের অংশ হিসেবে ৫৮১ কোটি ২০ লাখ টাকা পাওয়া যাবে। বাকী টাকা আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এতে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য বিশেষ করে ত্রিপুরা এবং চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। উভয় দেশ এর থেকে সমানভাবে লাভবান হবে।

৩৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি ৫ দশমিক ৫ মিটার থেকে বাড়িয়ে ৭ দশমিক ৩ মিটার প্রস্থে উন্নীতকরন করা হবে বলে জানা গেছে। মৈত্রী সেতু-১ নির্মাণের পর সড়ক প্রশস্তকরণ প্রকল্প অনুমোদিত হওয়ায় রামগড় স্থলবন্দর নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজিক সর্ম্পক আরো বেগমান হবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ