চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে বিশেষ কৌশলে ট্রলি ব্যাগে লুকিয়ে রাখা ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী ও স্ত্রীর বোনকে (শালী) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলো— কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা এলাকার মো. ফারুক (৩২), তার স্ত্রী ছকিনা আক্তার সুমি (৩৯) এবং ফারুকের শ্যালিকা রিনা আক্তার (৩০)।
কর্ণফুলী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিন যাত্রীর ট্রলি ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পুলিশকে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া ইয়াবাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’














