১৮ মার্চ ২০২৬

বায়েজিদে দুধ পাউডার চুরি করে গ্রেফতার ৪

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বায়েজিদ এলাকায় আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেডের গোডাউন থেকে দুধ পাউডার চুরি করে ৪ চোর ধরা পড়লো পুলিশের হাতে। এ সময় তাদের কাছ থেকে ১৪টি ব্যাগে ৩৫০ কেজি গুড়ো দুধ পাউডার ও ১টি বাস জব্দ করা হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বায়েজিদ থানার বাক্সলী ওয়্যার হাউস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন— মো. পারভেজ (২২), মো. রানা (২৬), মো. ইব্রাহিম খলিল প্রকাশ রাজু (১৯) ও মোশারফ হোসেন (২৪)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, নাসিরাবাদ শিল্প এলাকার প্রধান গেটের সামনে একটি বাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে ৪ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ১৪ বস্তায় (প্রতি বস্তায় ২৫ কেজি) মোট ৩৫০ কেজি গুড়ো দুধ পাউডার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। এসব দুধ পাউডার আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেডের (ষ্টারশীপ ফ্যাক্টরীর) গোডাউন থেকে ওই গেটের দারোয়ান মো. হোসেন (৩৮) ও মো. মিজান উদ্দিনের (২৭) নির্দেশে বিক্রির জন্য মো. মনিরসহ (২৫) অজ্ঞাতনামা দুই তিনজনের সহযোগিতায় চুরি করে বলে আটককৃতরা জানিয়েছেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি কামরুজ্জামান।

বাংলাধারা/এআই

আরও পড়ুন