কক্সবাজার প্রতিনিধি »
সরকারের পদত্যাগ না চেয়ে সর্বত্র ব্যর্থতার দায়ে বিএনপির ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলার সরকারি অফিস প্রধান এবং স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন-সরকারি দলের ব্যানারে অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার দেশে শুদ্ধি অভিযান শুরু করেছে। এ সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ দেখাতে পারেননি। এ কারণে শেখ হাসিনার গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা গত এক সপ্তাহে অনেক গুন বেড়েছে। এটা দেখে গাত্রদাহ শুরু হয়েছে বিএনপির। অথচ এরা গত ১০ বছরে ১০ মিনিটের জন্যও রাজপথে আন্দোলন করতে পারেনি। তাদের নেত্রীকে জেল থেকে বের করার দাবিতে দেড় বছরে দেড় মিনিটের জন্যও রাস্তায় দাঁড়ায়নি। রাজনীতি, নির্বাচন সবক্ষেত্রে ব্যর্থ হয়ে তারা আবার সরকারের পদত্যাগ দাবি করে। ব্যর্থতার দায়ে বিএনপি নেতৃবৃন্দের ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি।
জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির ক্ষমতাকালে সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও লুটেরাদের দাপট আশংকাজনকভাবে বেড়ে গিয়েছিল। ‘হাওয়া ভবন’ ক্ষমতার বিকল্প কেন্দ্রস্থল হয়েছিল। এ কারণে বিএনপি সরকার বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। তাদের মুখে দুর্নীতি বিরোধী কথা মানে ‘ভুতের মুখে রাম নাম’ শোনার সমান।
সেতুমন্ত্রী আরো বলেন, দেশে যারা এখন অপকর্ম করছে, তারা আমাদের নিজেদেরই লোক। আমি একথা বলবো না যে, যারা অপকর্মে জড়িত তারা অমুক দল থেকে আসা লোক। কারণ তারা আমাদের দলের পরিচয়ে এখন অপকর্ম করছে। কাজেই আমরা আমাদের দলের লোক হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিগণ সরকারের অংশ। তাই সততার সাথে আন্তরিক হয়ে দায়িত্ব পালন করতে হবে। এতে সবখানে সফলতা আসবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম, এমপি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এসময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, এমপি কক্সবাজারের সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, আরআরআরসি মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে প্রধান ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর/এএ












