১৮ মার্চ ২০২৬

বিজিএমইএ’র প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ

বাংলাধারা প্রতিবেদন :::

বিজিএমইএ’র প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ আগস্ট) বাদ আছর বিজিএমইএ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক সর্বজনাব এ.এম. শফিউল করিম (খোকন), এম. আহসানুল হক, মোহাম্মদ হাসান (জ্যাকী), মিরাজ-ই-মোস্তফা (কায়সার), প্রাক্তন প্রথম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন পরিচালক এনামুল আজিজ চৌধুরী, বিজিএমইএ’র ধর্মীয় বিষয়ক স্থায়ী কমিটি, চট্টগ্রাম-এর চেয়ারম্যান আবদুল হালিম দোভাষসহ বিপুল সংখ্যক পোশাক শিল্প মালিক ও বিজিএমইএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের শুরুতে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বিজিএমইএ’র প্রয়াত সকল সদস্যগণের পোশাক শিল্প তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদানের বিষয়টি শ্রদ্ধার সাথে স্মরণ করে, রুহের মাগফেরাত কামনা করেন এবং বর্তমানে কভিড-১৯ সহ বিভিন্ন রোগে আক্রান্ত সম্মানিত সদস্যদের আশু রোগমুক্তি কামনা করেন।

তিনি আরও বলেন, ‘চলমান মহামারী করোনা সংক্রমণ থেকে পরিত্রাণের লক্ষ্যে পোশাক শিল্প মালিক-শ্রমিক সহ সর্বস্তরের জনসাধারণকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে।’ বর্তমান সরকার কর্তৃক গৃহীত গণটিকা দান কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। অর্থনৈতিক ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে পোশাক শিল্প শ্রমিকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত টিকা প্রদানের জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

বিজিএমইএ’র ধর্মীয় বিষয়ক স্থায়ী কমিটি, চট্টগ্রাম-এর চেয়ারম্যান জনাব আবদুল হালিম দোভাষ-এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ (মিন্টু)।

পোশাক শিল্পের প্রয়াত মালিক, শ্রমিক, কর্মচারীদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের দ্রুত রোগ মুক্তি কামনা সহ করোনা ভাইরাস থেকে দেশবাসীর আশু মুক্তির লক্ষ্যে মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন