২১ মার্চ ২০২৬

বিজয় ভাষণে ঐক্য ও সহনশীল সমাজ গড়ে তোলার ডাক বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক  »

সকল বিভেদ ভুলে ঐক্য ও সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম ভাষণে তিনি এসব বলেন।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ভাষণে তিনি যারা তাকে ভোট দিয়েছেন বা যারা তাকে ভোট দেননি, ডেমোক্র্যাট, রিপাবলিকান সবাইকে শত্রুতা ভুলে সহযোগিতার সম্পর্ক তৈরির আহ্বান জানান। তিনি ঐক্য শব্দটির উপর বারবার বিশেষ গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা কি হতে চাই সে নিয়ে জোরালো সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা যদি একে অপরকে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিতে পারি, তাহলে সহযোগিতা করার সিদ্ধান্তও নিতে পারি।’

এসময় জো বাইডেন, দেশটিতে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের মৃত্যুকে ঘিরে সহিংস আন্দোলন, করোনায় বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর অভিজ্ঞতা না ভুলে নতুন সমাজ গড়তে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে বলেন।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারি প্রতিরোধে নেতৃত্ব দিতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের সমন্বয়ে একটি দল গঠন করার ঘোষণা দেন। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্ব উল্লেখ করেন।

ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমিও বেশ কয়েকবার হেরেছি, আমি আপনার হতাশা বুঝতে পারছি।

বাইডেন তার ভোটার, প্রচারণা ক্যাম্পের কর্মী, নির্বাচনে নানা ধরনের কাজে যারা অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানান। দেশটির কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, সেভাবেই আমিও আপনাদের পাশেই থাকবো।’

৭৭ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের সবচাইতে বেশি বয়সী প্রেসিডেন্ট। মার্কিন ইতিহাসে যেকোনো প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে এবারের নির্বাচনে।

বাংলাধারা/এফএস/ এআর

আরও পড়ুন