কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতায়িত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন— পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকার আপেল উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২৫) ও মোস্তাফিজুর রহমানের ছেলে কাইছার উদ্দিন (২৮)।
স্থানীয় বাসিন্দা আবদু রহমান বলেন, কাইছার উদ্দিন পেশায় একজন ইজিবাইক (টমটম) চালক। বুধবার দুপুরের দিকে তার ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কাইছার। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে পাশের বাড়ির আমেনা বেগমও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে দু’জনের মৃত্যু হয়েছে তারা বাজারপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক নতুন ঘর পেয়েছিলো তারা।
দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মগনামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন মারা গেছেন। অপমৃত্যু হিসেবে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।












