১৩ মার্চ ২০২৬

বিদ্রোহী প্রার্থীদের দায় নেবেন না নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

দলীয় সিদ্ধান্ত না মেনে কেউ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হলে তার দায় নেবেন না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৭ মার্চ) দুপুরে নগরীর চশমাহিলের বাসভবনে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং দলের সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী তাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহার করে দলের মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করা ও এছাড়া তৃণমূলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে এক হয়ে কাজ করারও তাগিদ দিয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সংশ্লিষ্টরা জানান, বৈঠকে মেয়র প্রার্থীর পক্ষে করণীয়, বিদ্রোহীদের মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ওয়ার্ডে-ওয়ার্ডে নেতাদের মধ্যে দ্বন্দের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে নগরীর জামালখানে বিদ্রোহী প্রার্থী ফরহাদুল আনোয়ার চৌধুরী রিন্টু, পাথরঘাটার আশফাক আহমেদ চৌধুরীসহ কয়েকজনকে সরাসরি প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আমার কাছে দলের শৃঙ্খলাই বড়। দলের শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদের দায় আমি নেব না। পরে যদি কোনো নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়েন, তখন যেন আমার কাছে কেউ না আসেন, সেটাও বলেছি। আমি অমুক ভাই, তমুক ভাইয়ের রাজনীতি করি না। আমি শুধু আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি।

সংশ্লিষ্টরা জানান, বৈঠকে ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের নিজ নিজ ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আজকের (শনিবার) মধ্যে কথা বলে প্রার্থিতা প্রত্যাহারের ব্যবস্থা করার অনুরোধ করেন নওফেল।

চট্টগ্রাম নগরীর ৪১ সাধারণ ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এবার প্রথমবারের মতো কাউন্সিলর পদে ৫৫ জনকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। গত সিটি করপোরেশন নির্বাচনে জিতে আসা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ১৯ জন এবার সমর্থন পাননি। তাদের মধ্যে ১৮ জনই এবার বিদ্রোহী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া পাঁচটি ওয়ার্ড ছাড়া প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত অথবা পদ-পদবিতে থাকা ৩-৪ জন করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আগামীকাল রোববার (৮ মার্চ) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন। বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারে রাজি করাতে কয়েক দফা চেষ্টা করেও কোনো ফল আসেনি। সর্বশেষ গত বৃহস্পতিবার নির্বাচন সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাদের সঙ্গে বৈঠকে বসে তোপের মুখে পড়েন। সেই বৈঠকে একজনকেও প্রার্থিতা প্রত্যাহারে রাজি করানো যায়নি, বরং বিদ্রোহীদের অনেকেই প্রবীণ নেতা মোশাররফ হোসেনের সামনেই স্লোগান দিয়ে, হট্টগোল করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ