বাংলাধারা ডেস্ক »
করোনা সংক্রমণরোধে চলমান কঠোর বিধিনিষেদের মেয়াদ আবারও বাড়তে পারে। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই বুধবার (১৬ জুন) প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধের মেয়াদ আরো ১০ দিন অর্থাৎ ১৬ জুন মধ্যরাত থেকে ২৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে।
সর্বশেষ গত ৬ জুন বিধিনিষেধের মেয়াদ ১০ দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই মেয়াদ শেষ হবে আজ বুধবার মধ্যরাতে। কিন্তু দেশে করোনা পরিস্থিতি ফের অবনতিশীল। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছাড়ানো রোধে ইতোমধ্যে সীমান্তের জেলাগুলোতে কঠোর লকডাউন দেয়া হচ্ছে।
সর্বশেষ মঙ্গলবার (১৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৫০ জন মারা গেছেন। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো তিন হাজার ৩১৯ জন।
বাংলাধারা/এফএস/এআর












