মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ের অন্যতম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা, ডায়াবেটিস টেস্ট ও ব্লাড গ্রুপিং নির্ণয় সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বড়তাকিয়া বাজারে বিনামূল্যে এই সেবা গুলো প্রদান করা হয়। সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ৩০০ জনের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ১০০ জনের চক্ষুসেবা এবং ১৫০ জন জনসাধারণের ডায়াবেটিস টেস্ট করানো হয়।
এসময় সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি জাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজেদুল করিম আসাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ মুজিবুর রহমান, সেলিনিয়া ফুডের চেয়ারম্যান রুহি মোস্তফা, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক জাফর ইকবাল নাহিদ সহ প্রজন্ম মিরসরাইয়ের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, করোনা কালীন সময়ে প্রজন্ম মিরসরাই এর সেচ্ছাসেবকবৃন্দ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সংগঠনটি নিয়মিত সেচ্ছাসেবী কর্মকান্ড অব্যাহত রেখেছে।
এসময় তিনি ক্যাম্পেইনে সহযোগিতা করার জন্য বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এবং বারইয়ারহাট বিজয় চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রজন্ম মিরসরাইয়ের সাধারণ সম্পাদক সাজেদুল করিম আসাদ বলেন, সুশিক্ষিত মিরসরাই গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা প্রজন্ম মিরসরাই নিয়মিত সেচ্ছাসেবী কর্মকান্ডে অবদান রেখে চলছে।
বাংলাধারা/এফএস/এআর












