বাংলাধারা প্রতিবেদন »
বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ-বিপিএলে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।শনিবার(১১ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী রয়্যালস। দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
ইতোমধ্যে দুই দলই প্লে অফ নিশ্চিত করেছে । কোয়ালিফায়ার নিশ্চিত করাই এখন তাদের লক্ষ্য। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে আছে চট্টগ্রাম। আর সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট পিছেয়ে রাজশাহী। তাই ব্যবধান কমাতে চায় তারা। আসরে সবচেয়ে ধারাবাহিক দল চট্টগ্রাম । ক্রিস গেইলকে পেয়ে আত্মবিশ্বাসী তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ইনফর্ম সিমনস ও উইলিয়ামসকে পাচ্ছে না দলটি।
লিগ পর্বে নিজেদের প্রথম দেখায় মিরপুরে ১৬৬ রানের পুঁজি নিয়েও চট্টগ্রামের কাছে ৭ উইকেটে হেরেছিল রাজশাহী। ম্যাচসেরা ইমরুল কায়েস ৪১ বলে খেলেছিলেন অপরাজিত ৬৭ রানের ইনিংস। এই ম্যাচেও রাজশাহীর জন্য প্রধান চ্যালেঞ্জ হতে পারেন তিনি।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় ঢাকা প্লাটুনকে মোকাবেলা করবে খুলনা টাইগার্স।ঢাকা-খুলনার সমীকরণও একই রকম। ১১ ম্যাচে দু’দলের পয়েন্টই সমান। তবে রানরেটে একটু এগিয়ে আছে খুলনা।
আজ যে দল জিতবে তারাই চলে যাবে কোয়ালিফায়ারে। অন্য দলকে প্রথম ম্যাচের পরাজিত দলের সঙ্গে খেলতে হবে এলিমিনেটরে। তবে রংপুরে কাছে হেরে শেষ দুইয়ে ওঠার সুযোগ অনেকটা হারিয়ে ফেলেছে ঢাকা।
এর আগে লিগপর্বে সিলেটে দু’দলের প্রথম দেখায় খুলনাকে ১২ রানে হারিয়েছিল ঢাকা। ম্যাচসেরা পেসার হাসান মাহমুদ ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। বিফলে যায় মুশফিকুর রহিমের অনবদ্য ৬৪ রানের ইনিংস।
বাংলাধারা/এফএস/টিএম












