৩০ মার্চ ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই কর্মী করোনায় আক্রান্ত

বাংলাধারা ডেস্ক »

করোনা ভাইরাস প্রতিরোধের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এবার সেই সংস্থার দুই কর্মীর মাঝেই ছড়িয়েছে করোনা গোত্রের নতুন ভাইরাস। সংস্থাটির একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সপ্তাহে বিশ্ব বাণিজ্য সংস্থার একজন কর্মীর দেহে করোনা সংক্রমণ ছড়ানোর কথা জানা যায়। তারপর জেনেভায় জাতিসংঘের দপ্তরে আরেক ব্যক্তির আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। এরপর মঙ্গলবার ভেনেভায় অবস্থিত তাদের সদর দপ্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্মীদের মাঝে সংক্রমণ ছড়ানোর কথা জানা গেল। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেইয়ার বলেন, ‘জেনেভা দপ্তর থেকে বাড়ি ফেরার পর আলোচিত দুই কর্মীর দেহে করোনা আক্রান্ত রোগীর উপসর্গ দেখা দেয়। এরপর স্বাস্থ্য পরীক্ষায় তারা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রমাণিত হয়। এর মাধ্যমে এখন পর্যন্ত আমাদের দুজন কর্মী করোনা আক্রান্ত হলেন।’

তবে আক্রান্ত কর্মীরা করোনা সংক্রমণের কোনো স্থানে কাজ করেছেন কিনা তা নিশ্চিত করেনি জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থাটি। 

লিন্ডমেইয়ার জানান, জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে প্রায় দুই হাজার ৪০০ কর্মী ও পরামর্শক আছেন। এদের বেশিরভাগ এখন সংক্রমণ এড়াতে বাড়ি থেকে অনলাইনে দাপ্তরিক কাজ করছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন