১৯ মার্চ ২০২৬

বিষাদময় ও প্রাণহীন বৈশাখ, নিস্তব্ধ ডিসি হিল-সিআরবি’র চারপাশ

বাংলাধারা প্রতিবেদন  »

আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪২৮। ১৪২৭ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর। গত বছরের মতো এবারও আনন্দের সময় কেড়ে নিচ্ছে করোনাভাইরাস। বৈশাখের প্রথম প্রহরে চট্টগ্রাম নগরীর ডিসি হিল-সিআরবিতে বর্ষবরণ অনুষ্ঠান যেন এখনও কানে বাজে। তবে গত ২ বছরেই এর তেমন কোনও আয়োজন না থাকায় সবকিছুই যেন বিষাদময়।

লকডাউনের কারণে এমএম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল মাঠ, জামালখানের ডা. খাস্তগীর স্কুল মাঠ, জেএম সেন হল, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি), পতেঙ্গা সমুদ্র সৈকত কোথাও নেই নববর্ষের আয়োজন।

চৈত্রের শেষদিন বর্ষবিদায় ও পহেলা বৈশাখ বর্ষবরণ উপলক্ষে জনসমুদ্রে পরিণত হতো ডিসি হিল ও সিআরবি। সড়কে চলতো বৈশাখী মেলার জন্য জায়গা দখলের প্রতিযোগিতা, কিংবা তারুণ্যের হাতে আঁকা আল্পনাও। নৈসর্গিক সৌন্দর্যে অপরূপ সিআরবির শিরীষতলায় লালদীঘির জব্বারের বলীখেলার মতো সাহাবউদ্দিনের বলীখেলাও দেখছেন না চট্টগ্রামবাসী। নেই হালখাতা খোলা, আপ্যায়ন ও পান্তা-ইলিশ খাওয়ার আয়োজন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে পহেলা বৈশাখে বের করা হয়নি মঙ্গল শোভাযাত্রা। তবে চট্টগ্রামে বোধন, প্রমা, তারুণ্যের উচ্ছ্বাসসহ বেশ কিছু সংগঠন ডিজিটালি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে বর্ষবরণ অনুষ্ঠান করছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন