৯ নভেম্বর ২০২৬

বিস্ফোরণে কেঁপে উঠল বাঁশখালীর এস আলম পাওয়ার প্ল্যান্ট, আহতদের চমেকে ভর্তি

বাঁশখালীর গন্ডামারায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র এস আলম পাওয়ার প্ল্যান্টে হঠাৎ বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সময় দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ জুন) বিকাল সাড়ে তিনটায় প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— শাহাদাত হোসেন (২২) ও ইমাম উদ্দিন (৩০)। তারা পাওয়ার প্ল্যান্টে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। তিনি বলেন, শাহাদাত ও ইমাম উদ্দিন এসএস পাওয়ার প্ল্যান্টে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করত। বিভিন্ন এঙ্গেল জোড়া লাগানোর সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করছিল। এ সময় পাশে ছিল রং ও থিনারের মিডিয়াম সাইজের টিনের কৌটা। পাশে থাকা রঙ ও থিনারের কৌটায় আগুনের স্ফুলিঙ্গ এবং হিট লেগে সেগুলো বিস্ফোরিত হয়। এ সময় দুই শ্রমিকও আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বলেন, ‘বাঁশখালীর গন্ডামারায় নির্মাণাধীন একটি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে কাজ করার সময় বিস্ফোরণে শ্রমিক আহত হয়েছেন। আহত দুই শ্রমিক বর্তমানে চমেকের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে জানতে গণ্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয় নি।

 

আরও পড়ুন