বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের পীর হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী।
বুধবার (১ জানুয়ারি) তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও এদেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করেন।
আলোচনায় মাইজভাণ্ডার দরবার শরীফের সঙ্গে বেগম খালেদা জিয়ার গভীর শ্রদ্ধা ও সম্পর্কের বিষয়টি উঠে আসে। বিশেষ করে শায়খুল হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (রহ.)-এর প্রতি বেগম খালেদা জিয়ার শ্রদ্ধাবোধের কথাও স্মরণ করা হয়।
এ সময় বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












