১৪ মার্চ ২০২৬

বেজা-ইয়াবাং গ্রুপের ১শ একর জমির ইজারা চুক্তি

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম ও ফেনীর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০০ একর জমিতে কারখানা করবে চীনের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ইয়াবাং গ্রুপ। গ্রুপটি এখানে ৩০ কোটি ডলার (২ হাজার ৫৫০ কোটি টাকা) বিনিয়োগ করবে। এখানে ২ হাজার ২০০ মানুষের কর্মসংস্থান হবে। কারখানা স্থাপনে জমি নিতে গতকাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমি ইজারা চুক্তি করেছে ইয়াবাং গ্রুপ। চুক্তি অনুযায়ী ফেনী-চট্টগ্রাম সীমান্তে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নির্ধারিত ১০০ একর জমিতে ২০২১ সালে শিল্প স্থাপন শুরু করবে ইয়াবাং।

মঙ্গলবার ৪ আগস্ট বেজা কার্যালয়ে চীনের বৃহত্তম শিল্পগ্রুপ ইয়াবাং গ্রুপ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০০ একর জমিতে শিল্প স্থাপনের নিমিত্তে একটি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহবুব উজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াবাং গ্রুপের চেয়ারম্যান।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবেও বেজা বিভিন্নভাবে কাঙ্ক্ষিত বিনিয়োগ আকর্ষণ করতে সমর্থ হয়েছে এবং উন্নয়ন কার্যক্রম কোথাও থেমে নেই। এর মধ্যে দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে বিদেশি অনেক স্বনামধন্য শিল্প।

ইয়াবাং ইনভেস্টমেন্ট হোল্ডিংস গ্রুপ কো. লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে টেক্সটাইল ও অন্যান্য রাসায়নিক শিল্প স্থাপনের জন্য বিনিয়োগ প্রস্তাব জমা দিয়েছে। ডাইং ও পেইন্টিং-এর ক্ষেত্রে অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হবে এটি। এই গ্রুপটি জিয়াংসু স্টক এক্সচেঞ্জের একটি তালিকাভুক্ত সংস্থা। ডাই ও রং ছাড়াও পিগমেন্ট ফার্মাসিটিক্যালস ভেটেরিনারি ঔষধ, কীটনাশক, ফটোভোলটাইকস, মাইনিং, লজিস্টিকস ফিনান্স এবং রিয়েল এস্টেট সেক্টরে তাদের বিনিয়োগ রয়েছে। ইয়াবাং গ্রুপের পরিচালন আয় ৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। তারা শীর্ষস্থানীয় ৫শ’ চীনা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। 

জানা গেছে, সংস্থাটি প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নের সমর্থনে বাস্তবায়ন পরিকল্পনার পাশাপাশি মাস্টারপ্ল্যান জমা দিয়েছে। প্রকল্পের পরিবেশগত সমস্যাগুলো সমাধানের জন্য পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনাও জমা দিয়েছে। এটি শতভাগ বিদেশি মালিকানাধীন প্রকল্প হবে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে রপ্তানি করা হবে। 

অন্যদিকে, আজ বুধবার (৫ আগস্ট) নাগরিক সংলাপের আয়োজন করেছে বেজা। এতে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর উপস্থিত ছিলেন। তিনি এলাকার নাগরিকদের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমিতে একটি পূর্ণাঙ্গ শিল্প শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে যার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’। শিল্প নগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১০ কিলোমিটার ও চট্টগ্রাম থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।

এ শিল্প নগরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা/পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালসহ বিশ্বমানের সব সুবিধাদি থাকবে। এজন্য বেজা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সংযোগ সড়ক, ভূমি উন্নয়ন এবং প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ নির্মাণ, গ্যাস সংযোগ লাইন স্থাপন করছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন