বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে ‘মাদকবাহী’ বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় নগরের চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী সালাহ উদ্দীন (৩৮) নিহত হয়েছেন। মাইক্রোবাসটিতে ৭৩০ লিটার বাংলা চোলাই মদ বহন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১১ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. মাসুম (২৬) নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। নিহত এএসআইয়ের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার দক্ষিণ জয়পুর এলাকায়।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, মেহেরাজ ঘাটা এলাকায় দায়িত্বরত অবস্থায় দ্রুতগতির মাইক্রোবাসের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-চ-১৫-৩৬৬৫) ধাক্কায় ঘটনাস্থলে কাজী মো. সালাউদ্দিনের মৃত্যু হয়। পরে পুলিশ ধাওয়া করে চান্দগাঁও বোর্ড স্কুলসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি জব্দ করে। সেটিতে ৭৩০ লিটার চোলাই মদ পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ২ জন পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে কাজী মো. সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত কনস্টেবল মাসুম বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
বাংলাধারা/এফএস/এআর












