৩০ সেপ্টেম্বর ২০২৬

বেপারির কোমর থেকে ১৬ লাখ টাকা উধাও, মইজ্জ্যারটেক হাটে ‘মলম পার্টি’ সন্দেহে আটক ৩

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক মাঠে ছাগলের বাজারে এক বেপারির কোমরে পেঁচিয়ে রাখা ১৬ লাখ টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে ওই বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো— পটুয়াখালীর অলি উল্লাহ (২৪), বরিশালের আব্দুর রাজ্জাক (৬৪) ও ভোলার মো. জসিম উদ্দিন (৫৮)। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট সিরাজগঞ্জের মো. মজিবর রহমান আকন্দ (৬৯)সহ সাতজন ব্যবসায়ী ৮২টি ছাগল নিয়ে মইজ্জ্যারটেকের হাটে আসেন। এর মধ্যে ৫৭টি ছাগল বিক্রি করে পাওয়া ১৬ লাখ টাকা মজিবর রহমান কোমরে পেঁচিয়ে রাখেন। পরে ১৩ আগস্ট রাত ১০টার দিকে হাটে ঘুমিয়ে পড়েন তিনি।

ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, কোমরে পেঁচিয়ে রাখা ১৬ লাখ টাকা নেই। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার সময় গ্রেপ্তার তিনজনকে হাটের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে।

পরে ১৪ আগস্ট রাতে একই বাজারে স্থানীয়রা তিন ব্যক্তিকে আটক করার খবর পেয়ে মজিবর রহমান সেখানে যান। তাদেরই ১৬ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ করলে পুলিশ মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম ছিদ্দিকী বলেন, বাদীর মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

এদিকে, হাটসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, পশুর হাটে বেপারিদের খাবারের সঙ্গে চেতনানাশক জাতীয় কিছু মিশিয়ে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়ার একটি চক্র সক্রিয় রয়েছে। স্থানীয়দের কাছে এ ধরনের চক্র ‘মলম পার্টি’ নামে পরিচিত। নগরীর অলংকার মোড়েও একই ধরনের ঘটনা ঘটেছে বলে সূত্রটি দাবি করেছে। তবে এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের সঙ্গে কথিত ‘মলম পার্টি’র সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ১৬ লাখ টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন