বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’ এর দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি বেসবাবা সুমন নামেই বেশি পরিচিত। দীর্ঘদিন ধরেই মরণব্যাধি ক্যান্সারে সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি। এবার জানা গেলে তিনি এবং তার ছেলে দু’জনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।।
তিনি বলেন, সুমন ভাই নিজেই জানিয়েছেন তিনি করোনায় আক্রান্ত। তার ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত। তবে দুজনের অবস্থাই স্বাভাবিক। বর্তমানে তারা পিতা-পুত্র উত্তরায় নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।’
ক্যানসার জয় করা সুমন নতুন করে স্পাইনাল কর্ডের সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গেল মার্চে জার্মানি যাওয়ার কথা থাকলেও করোনার জন্য সেটি পিছিয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে সুমন তার রক সংগীতের জীবন শুরু করেন। মাত্র ১৯ বছর বয়সের মধ্যে অনেকগুলো ব্যান্ডে বেস বাজানোর সৌভাগ্য হয় তার। ১৯৯৭ সালে তিনি সেই সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ গিটারবাদক হিসেবে যোগ দেন। দুই বছর ওয়ারফেজে বাজানোর পর, ১৯৯৯ সালে নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন তিনি। অ্যালবামটি অনেক জনপ্রিয়তা পেলে, সে বছর অর্থহীন ব্যান্ডের যাত্রা শুরু করেন সুমন।
বাংলাধারা/এফএস/ইরা












