১৩ মার্চ ২০২৬

বেড়ে গেছে শীতের প্রকোপ

বাংলাধারা ডেস্ক »  

সারাদেশে  আবারও বেড়ে গেছে শীতের প্রকোপ। উত্তর ও মধ্যাঞ্চলে বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের কারণে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে।হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর বিভাগে শীতের প্রকোপ বেশি। এছাড়াও যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহীতে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এটি আরও তীব্র হতে পারে।দিনের তাপমাত্রার সঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। এসময় আকাশ থাকবে আংশিক মেঘলা।পাশাপাশি দেশের প্রায় সব এলাকাতেই কুয়াশা থাকবে।এছাড়া, মঙ্গলবার(৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শৈত্যপ্রবাহের কারণে রংপুরে সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি  খুবই কম। প্রয়োজন ছাড়া মানুষ বাসা থেকে তেমন একটা বের হচ্ছেন না।  মার্কেটগুলোতে  খদ্দেরের অভাবে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা।সেইসঙ্গে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে। প্রচণ্ড শীতে নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ। সোমবার(৬ জানুয়ারি) পর্যন্ত দুই মাসে এ বিভাগে এ-সংক্রান্ত স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত হয়েছে ২১ হাজার ৫১৬ জন। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । শীতে শিশুদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ