১৪ মার্চ ২০২৬

বৈরুতে বিস্ফোরণ নয়, এটি বোমা হামলা : ট্রাম্প

বাংলাধারা ডেস্ক »

বৈরুতের বিস্ফোরণের ঘটনাকে কোন দূর্ঘটনা নয় বরং বোমা হামলা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসের নিয়মিত করোনাভাইরাস ব্রিফিংয়ের সময় এমন মন্তব্য করেন ট্রাম্প। তবে তাঁর এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন লেবানন সরকারের কর্মকর্তারা।

সিএনএনের তথ্যমতে, সংবাদ সম্মেলনে ট্রাম্প বিস্ফোরণের ওই ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ উল্লেখ করে লেবাননের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি তাদের জন্য সহায়তা পাঠানোর আশ্বাসও দেন। বলেন, ‘লেবানন আমেরিকার মিত্ররাষ্ট্র। এই সংকটে আমেরিকা তাদের পাশে থাকবে। আমি লেবাননের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেখানে বহু মানুষ হতাহত হয়েছে। তাদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইল। যুক্তরাষ্ট্র লেবাননকে সহায়তা প্রস্তুত।’

ট্রাম্পের এমন দাবীর প্রেক্ষিতে সাংবাদিকরা তাঁকে পাল্টা প্রশ্ন করেন, ‘বৈরুতের বিস্ফোরণ একটি হামলার ঘটনা ছিল; এ বিষয়ে আপনি আত্মবিশ্বাসী?’ জবাবে ট্রাম্প জানান, মার্কিন সামরিক কর্মকর্তারা তাকে যা বলেছিলেন, তার ভিত্তিতে এটি ‘মনে হচ্ছে’। এটি হামলার ঘটনা ছিল।

এদিকে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান বলেছেন, অত্যন্ত বিস্ফোরক রাসয়নিক পদার্থের গুদামে এই বিস্ফোরণ ঘটেছে। কর্মকর্তারা বলছেন এই বিস্ফোরণ দুর্ঘটনা। পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি। তারা বলছেন গুদামে ছয় বছর ধরে মজুদ রাখা অত্যন্ত বিপদজনক বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী হাসান দিয়াব এই ঘটনাকে বিপর্যয় আখ্যা দিয়েছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।

লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের জোড়া বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ৭৮ জনের মৃত্যুর খবর দিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ। বিবিসি জানিয়েছে বিস্ফোরণের ধ্বংসস্তূপে অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন