বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ করে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিন তীব্র পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি ভাব নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে না পেরে হাসপাতালের করিডোরে শয্যা বিছিয়ে সামাল দিতে হচ্ছে কর্তৃপক্ষকে।
বুধবার(১৯ মে) সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা যায়, হাসপাতালে পুরুষ ও মহিলা ওয়ার্ডে রোগীদের তিল ধারণের ঠাঁই নেই। ভ্যাপসা গরমে ফ্যানবিহীন একাধিক করিডোরে স্থান নিয়েছেন অন্তত ২৫ জনের অধিক রোগী। অন্যদিকে, নির্ধারিত বেডের পাশে মেঝেতে শয্যা বিছিয়ে একটু গরম থেকে বাঁচার জন্য অবস্থান করতে দেখা যায়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা জিল্লুর রহমান জানান, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুদিন ধরে হঠাৎ ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। গতকাল থেকে আজ পর্যন্ত ৬৩ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, বোয়ালখালীতে ভূ-গর্ভস্থ পানির তীব্র সংকট দেখা দেয়ায় যত্রতত্র স্থান থেকে পানি পান, কাপড় কাচা ও গোসল করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, বোয়ালখালীতে গরমের তীব্রতা ও পানির সংকটে হঠাৎ এই অবস্থার সৃষ্টি হয়েছে। অন্য উপজেলাগুলোতে দুয়েকজন রোগী থাকলেও এতোটা প্রকোপ আকার ধারন করেনি। এ নিয়ে গত এক সপ্তাহে ভর্তি হওয়া রোগীদের ৯০ শতাংশ ডায়রিয়াসহ নানান পানিবাহিত রোগে আক্রান্ত। রোগীর চাপ সামাল দিতে কষ্ট হচ্ছে। বোয়ালখালীতে ভূ-গর্ভস্থ পানির সংকট, তীব্র গরম, রাস্তা ও হোটেলের বাসি-পঁচা ও অপরিষ্কার খাবার থেকে ডায়রিয়া ছড়াচ্ছে।
তবে হাসপাতালে ওষুধের ঘাটতি না থাকলেও পরিচ্ছন্ন কর্মীর অভাবে হাসপাতালের পরিবেশ নিয়ে শঙ্কিত এই কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/এআর












