বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২৩ পরিবারের ১৪ বসতঘর।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা জামসেদ মুন্সির বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বোয়ালখালী ও পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম জোন ২ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. ফরিদ আহমদ।
তিনি বলেন, খবর পেয়ে প্রথমে বোয়ালখালী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। পরে পটিয়া ফায়ার সার্ভিস এসে যোগ দেয়। তবে সরু রাস্তা ও গাড়ী চলাচলের মতো উপযুক্ত জায়গা না থাকায় কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হিমসিম খেতে হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন ফাতেমা বেগম, মধু মিস্ত্রী, আবুল হাশেম, মো. আবু, আবু জাকের, মো. এনাম, আলী আকবর, ফজল কাদের, চুনছু বেগম, দিদার মাষ্টার, মো.ইসহাক, মাসুদ, তসলিম, নুর ইসলাম, আলী আসগর, আলী আকবর, ইদ্রিস, আমিনুল হক, নুরুল আজাদ, সাইদুল ইসলাম, শফি, মফিজ ও শাহ আলম।
ক্ষতিগ্রস্থরা জানান আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্রসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাধারা/এফএস/এইচএফ








