২২ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামি, দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামির অভিযোগে জয় দে (২৬) ও রাজীব নাথ (২৮) নামের দুই যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ। অভিযানে মাদক সেবন করে মাতলামির অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত জয় দে উপজেলার পূর্ব শাকপুরা গ্রামের মৃত বাবুল দের ছেলে। অপরজন রাজীব নাথ সারোয়াতলী উত্তর কঞ্জুরী গ্রামের মৃত রতন নাথের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় জয় দে ও রাজীব নাথকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।

আরও পড়ুন