বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে রাস্তার পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন থানা উপ-পরিদর্শক সুমন কান্তি দে।
তিনি বলেন, সড়কের পাশে লাশটি পড়েছিল। যুবকের গায়ে লালকালো রঙের চেক শার্ট ও পরনে কালো চেকের লুঙ্গি রয়েছে। সুরতহাল প্রতিবেদনে গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মৃত যুবকের নাম শাহীন। তিনি ৩-৪ মাস আগে ফেনী জেলা থেকে করলডেঙ্গায় আসেন এবং দিনমজুরির কাজ করতেন। যদিও সঠিক করে যুবকের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি কেউ। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।












