বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে পাগলা মহিষের আক্রমণে এক ব্যক্তি নিহত হওয়ার ১৮ ঘণ্টা পর মহিষটিকে বধ করেছে স্থানীয় প্রশাসন।
রবিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বোয়ালখালী পৌরসভার গোমদডী ফুলতল এলাকায় একটি মহিষ সাধারণ মানুষকে আক্রমণ করতে থাকে। এসময় মহিষের আক্রমণে বোয়ালখালী পৌরসভা বহদ্দারপাড়া ইউছুপ তালুদার বাড়ীর আবুল কাশেমের ছেলে মো. ইসমাইল (৫০) নিহত হন।
এছাড়া মধ্যম শাকপুরা এলাকার আবদুল হাকিমের স্ত্রী গুলছরা বেগম (৮৫), পশ্চিম গোমদন্ডী এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খুশি বেগম (৪৫), মনজুর আহমদের ছেলে নুরুল আবচার (৪০) ও পূর্ব গোমদন্ডী এলাকার আহমদ কবিরের পুত্র আবদুর রহিম (২২) সহ অন্তত ১০ জন ব্যক্তি আহত হন। এতে পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসময় স্থানীয় জনতা, পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন মহিষটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যায়। অবশেষে দীর্ঘ ১৮ ঘণ্টা চেষ্ঠার পর সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে ট্রাঙ্কুলাইজ গান (চেতনা নাশক ঔষধ) ব্যবহার করে দুপুর ২টার দিকে মহিষটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর মহিষটিকে জবাই করে মাটি চাপা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান, সোমবার দুপুরে মহিষটিকে নিয়ন্ত্রণে আনার পর জবাই করে মাটি চাপা দেওয়া হয়েছে। মহিষের আক্রমণে নিহত ইসমাইলের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












