২৬ মার্চ ২০২৬

ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের রেশ না কাটতেই আরেক ব্যবসায়ী নিখোঁজ

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের ছয়দিনের মাথায় ব্যবসায়ী জসিমের মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার আরেক ব্যবসায়ী তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) পাহাড়ে পাওনা টাকা চাইতে গিয়ে তিনি আর ফিরে আসেননি।

নিখোঁজ সবজি ব্যবসায়ী মোহাম্মদ হানিফ মাওলা (৫৭) উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নাছিরপাড়ার বাসিন্দা। গত ১৪ ফেব্রুয়ারি সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ায় যাওয়ার পর থেকে আর ফিরে না আসায় উৎকণ্ঠায় দিনপার করছে তার পরিবার।

হানিফের শ্যালক কামাল উদ্দিন বলেন, সবজি কিনতে সোমবার হিলটেক হেডম্যানপাড়ার বৈদ্যেরছড়া এলাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন হানিফ। তারপর থেকেই নিখোঁজ। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানায়ও অভিযোগ দেওয়ার চেষ্টা চলছে বলে জানান কামাল। তাকে জীবিত ফিরে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চেয়েছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশা বলেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আমার বাড়ি এসেছিলেন হানিফ। এরপর সোনাইছড়ির হেডম্যানপাড়ায় পাওনা টাকার জন্য এক চাকমার বাড়িতে যাবেন বলে চলে যান। এরপর থেকে তার হদিস মিলছে না বলে জানিয়েছে পরিবার। এটা চরম উদ্বেগের।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে মরিচ্যা বাজার এলাকা থেকে নিখোঁজ হন পরিচিত ডিলার ব্যবসায়ী জসিম উদ্দিন। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) মরিচ্যা বাজার ব্যবসায়ী সমিতির নেতারাও জসিমকে জীবিত ফেরত পেতে মানববন্ধন করেন। মানববন্ধনের পরদিন মঙ্গলবার নিজের গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জসিম উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকার বাসিন্দা ছলিম উল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মরিচ্যাবাজারস্থ নাঈমা এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠান খুলে বিভিন্ন কোম্পানির ডিলার হয়ে পরিচালনা করে আসছিলেন।

এর রেশ না কাটতেই মরিচ্যা বাজারের আরেক ব্যবসায়ী হানিফ মওলা নিখোঁজ থাকায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, ব্যবসায়ী হানিফ নিখোঁজের অভিযোগ পেয়ে তাকে উদ্ধারে প্রচেষ্টা চলছে।

আরও পড়ুন