১৭ মার্চ ২০২৬

ব্যাংক এশিয়ার চট্টগ্রাম জোনাল হেড হলেন কায়েস চৌধুরী

ব্যাংক এশিয়া পিএলসি.-তে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চট্টগ্রাম জোনাল হেড হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ব্যাংকার কায়েস চৌধুরী। ব্যাংকিং খাতে দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকারের যোগদানে ব্যাংক এশিয়ার কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিজিওনাল কর্পোরেট হিসেবে দায়িত্ব পালন করেন। কৌশলগত নেতৃত্ব, সুশাসন, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফরমেশনে তার রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

কায়েস চৌধুরী ১৯৯৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক ও সিটি ব্যাংকের মতো শীর্ষস্থানীয় ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন নীতিবান, একনিষ্ঠ ও দূরদর্শী ব্যাংকার হিসেবে সুনাম অর্জন করেছেন। কর্পোরেট, কমার্শিয়াল ও শাখা ব্যাংকিং কার্যক্রমে তার রয়েছে গভীর অভিজ্ঞতা।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে এম.কম ডিগ্রি অর্জন করেন। এছাড়া ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক ব্যাংকিং এবং ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস বিষয়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণ, টিম উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে তার অবদান প্রশংসিত।

পেশাগত জীবনের পাশাপাশি কায়েস চৌধুরী একজন গায়ক, গীতিকার ও প্রাবন্ধিক হিসেবেও পরিচিত। তিনি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং বর্তমানে ব্যাংকার্স ক্লাব-চট্টগ্রামের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন