আন্তর্জাতিক ডেস্ক »
ব্রাজিলে শ্বেতাঙ্গ দুই নিরাপত্তারক্ষীর হাতে এক কৃষ্ণাঙ্গের নৃশংস মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার একটি সুপারমার্কেটের বাইরে এ ঘটনার পর শুক্রবার দেশটিতে বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, পোর্তো অ্যালেগ্রিতে ক্যারফুর স্টোরের নিরাপত্তারক্ষীরা জোয়াও অ্যালবার্টো সিলভেইরা ফ্রেইটাসের (৪০) মুখে একাধিকবার ঘুষি মেরেছেন।
নিরাপত্তারক্ষীদের আটক করা হয়েছে।
ব্রাজিলে বর্ণবাদের ইতিহাস অনেক পুরোনো। অধিকারকর্মীরা বলেন, দেশটিতে বর্ণবাদের ধারণা ধীরে ধীরে বদলে যাচ্ছে।
বিক্ষোভকারীরা পোর্তো অ্যালিগ্রির ক্যারফুর স্টোরের সামনে জড়ো হন। তাঁরা বর্ণবাদবিরোধী নানা ধরনের প্ল্যাকার্ড বহন করেন। দেশটির অন্য শহরেও বিক্ষোভ ছড়িয়েছে।
গত মে মাসে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় বিশ্বজুড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন শুরু হয়। ব্রাজিলের অনেকেই এ ঘটনাকে জর্জ ফ্লয়েডের ওই ঘটনার সঙ্গে তুলনা করছেন।
গত বছর যুক্তরাষ্ট্রের তুলনায় ব্রাজিলে ছয় গুণ বেশি মানুষ পুলিশের হাতে নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই কৃষ্ণাঙ্গ। অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বৃহস্পতিবারের ওই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন।
বাংলাধারা/এফএস/ওএস












