২১ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত

বাংলাধারা ডেস্ক »

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার যাত্রাপুর চাপরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (২৬) এবং এ ঘটনায় তিন ডাকাতকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।

সাদ্দাম ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, সাদ্দামের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। তিনি জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার কাঙ্গাল মিয়ার ছেলে।

এ ঘটনায় আরো তিন ডাকাতকে আটক করা হয়েছে। আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার শামছুল হকের ছেলে আকাশ মিয়া (২৭), সরাইল উপজেলার নাথপাড়া এলাকার কাশেম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) ও উচালিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, ডাকাত দল ধরার জন্য জেলা গোয়েন্দা পুলিশ, আশুগঞ্জ থানা পুলিশ ও সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে পুলিশের একটি দল যাত্রাপুর এলাকার চাপাড়বাড়ি এলাকা ঘেরাও করে। এসময় ডাকাতরা পুলিশের ওপর গুলি চালায় ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য আকাশ, হৃদয় ও আশরাফুলকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামের মরদেহ পাওয়া যায়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন