বাংলাধারা প্রতিবেদন »
ভারত থেকে দেশের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়তে পৌঁছেছে চার ট্রাক পেঁয়াজ।
রোববার (৩ জানুয়ারি) এসব পেঁয়াজ নামানো হয় আড়তে। মানভেদে এ পেঁয়াজের দাম হাঁকা হয় ৪৩ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা জানান, পাইকারিতে সর্বনিম্ন ১৫-১৬ টাকায় তুরস্কের ছোট সাদা পেঁয়াজ বিক্রি হচ্ছে। তুরস্কের সাদা বড় পেঁয়াজ ২০-২২ টাকা, ছোট লাল পেঁয়াজ ৪৫-৪৬ টাকা।
এ ছাড়া মিয়ানমারের পেঁয়াজ ৪৫-৪৭ টাকা, দেশি মুড়িকাটা নতুন পেঁয়াজ ৩২-৩৫ টাকা, মিশরের পেঁয়াজ ২৯-৩০ টাকা, নিউজিল্যান্ড ১৮ টাকা বিক্রি হচ্ছে।
তারা জানান, ডিসেম্বর থেকেই দেশি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে। প্রথম দিকে ৪৮-৫০ টাকা বিক্রি হলেও এখন পাইকারিতে ৩২ টাকা ঠেকেছে। কয়েক সপ্তাহের মধ্যে রেগুলার দেশি পেঁয়াজ বাজারে আসবে। এটা চলবে মার্চ পর্যন্ত। এরপর আসবে দেশি হালি পেঁয়াজ।
আড়তদাররা জানান, সারা দেশে পেঁয়াজের চাহিদা থাকলেও চট্টগ্রামের বাজারে বড় লাল পেঁয়াজের চাহিদাই বেশি। ভারতের বড় পেঁয়াজ বেশি বিক্রি হয় চট্টগ্রামে।
পাইকারিতে পেঁয়াজের দাম কমতে থাকায় খুচরায়ও দাম কমছে। আকার, গুণগতমান, রং ভেদে ২৫ টাকা থেকে ৫৫ টাকায় খুচরায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। এ ছাড়া রিকশাভ্যান, অলিগলির মুখে ১৮-২০ টাকায়ও নিম্নমানের পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।
বাংলাধারা/ এফএস/এআর












