বাংলাধারা স্পোর্টস »
ভারতে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তার, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও তাদের বিকল্প পরিকল্পনা ঠিক করে রাখে। এই পরিকল্পনা ভেস্তে দিতে পারতো কোন সমস্যা ছাড়া আইপিএলের আসর শেষ করতে পারলে, কিন্ত টুর্নামেন্ট স্থগিতের মধ্য দিয়ে অনিশ্চয়তাকেই সম্ভাব্য বাস্তবতা হিসেবে দেখা দিচ্ছে।
আট দলের ঘরোয়া টুর্নামেন্টই যখন শেষ করা সম্ভব হয়নি, সেখানে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট কীভাবে ভারতে আয়োজন করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ধারণা করা হচ্ছে- এই বছরের শেষের দিকে ভারতে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে। শঙ্কায় আছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, করোনার এই পরিস্থিতিতে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে সংযুক্ত আরব আমিরাতেই হতে পারে। ১৬ দলের এই টুর্নামেন্ট মরুর দেশেই আয়োজন করতে পারে ভারত। কারণ, করোনার এমন অবস্থা চলতে থাকলে কোনো দেশই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি থাকবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআইয়ের কর্তা পিটিআইকে বলেছেন, ‘চার সপ্তাহ খেলার পর আইপিএল স্থগিত হয়ে যাওয়া আভাস দেয়- এখন বড় ধরনের বৈশ্বিক টুর্নামেন্ট ভারতে আয়োজনের অবস্থা নেই। ৭০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন স্বাস্থ্য সমস্যায় রয়েছে দেশ।’
বাংলাধারা/এফএস/এআর












