ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলা ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে এসব ব্যক্তিকে। অভিযোগে বলা হয়েছে, এর মধ্যে আছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্য এবং বাংলাদেশভিত্তিক কথিত উগ্রপন্থি গোষ্ঠীর এক সদস্য।
এনডিটিভি এ খবর দিয়ে বলছে, তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার একটি গার্মেন্টস কারখানা থেকে গ্রেপ্তার করা হয়েছে মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহিদ ও মোহাম্মদ উজ্জ্বলকে। বাকি দু’জনকে পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি কথিত এক নাগরিকও রয়েছেন। সূত্র মতে, অভিযুক্তরা ভুয়া আধার কার্ড ব্যবহার করে পরিচয়পত্র হিসেবে কাজে লাগাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তামিলনাড়ু পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং পরে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এর একদিন আগে নিরাপত্তা সংস্থার সূত্র উল্লেখ করে জানা যায়, পাকিস্তানভিত্তিক সংগঠন লস্করে তৈয়ব দিল্লির রেড ফোর্টের কাছে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে, বিশেষ করে চাঁদনি চকের একটি মন্দিরে বিস্ফোরণের পরিকল্পনা করছিল।
সূত্রের ধারণা, সংগঠনটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ছক কষছিল।













