বাংলাধারা প্রতিবেদন »
কনটেইনার রাখার ভারসাম্য না থাকায় একটি বিদেশি কনটেইনার জাহাজ কাত হয়েছে চট্টগ্রাম বন্দর জেটিতে। আজ সকালে বন্দরের সাধারণ কনটেইনার বার্থ (জিসিবি) এর ১১ নম্বর জেটিতে ‘ওইএল হিন্দ’ জাহাজে এই দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় ১২৬৮ কনটেইনার ভর্তি বিদেশি এই জাহাজটি। রক্ষা পায় পণ্য ওঠানামার কাজে ব্যবহৃত বন্দর জেটি। আজ রবিবার জাহাজটি রপ্তানি এবং খালি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।
জানা গেছে, পণ্যভর্তি জাহাজটিতে মোট ১২৬৮ একক কনটেইনার ছিল। এর মধ্যে পণ্যভর্তি ছিল ১১৫০ একক এবং খালি ছিল ১১৮ একক কনটেইনার। জাহাজটির বার্থ অপারেটর ছিল এ অ্যান্ড জে ট্রেডার্স এবং শিপিং এজেন্ট ছিল জিবিক্স লজিস্টিকস।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, সকালে জাহাজটি জেটিতে থাকা অবস্থায় কাত হয়ে গেছে। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি জেটি বা জাহাজে। এখন ভারসাম্য আনার জন্য জাহাজ থেকে কিছু কনটেইনার নামানো হচ্ছে। এরপর উপযোগী হলে জাহাজটি জেটি ছেড়ে যাবে। এর আগে আমরা বিষয়টি তদন্ত করে দেখব।
বাংলাধারা/এফএস/টিএম












