২১ মার্চ ২০২৬

ভালবেসে বিয়ের দু’বছরের মাথায় লাশ হলো রোকসানা

প্রতিনিধি কক্সবাজার »

ভালবেসে বিয়ের দু’বছরের মাথায় লাশ হয়েছেন রোকসানা আক্তার নামে এক গৃহবধূ।  সোমবার সকাল নয়টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়াস্থ স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবার পরিবারের অভিযোগ, তাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে।

নিহত রোকসানা আক্তার পশ্চিম লারপাড়া এলাকার জসীমউদ্দীনের স্ত্রী ও কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দুলাল মিস্ত্রির মেয়ে। দাম্পত্য জীবনে তাদের আফসান উদ্দিন শামীম নামের এক পুত্রসন্তান রয়েছে।

রোকসানার বাবা দুলাল মিস্ত্রি জানান, ২০১৮ সালের প্রথম দিকে জসীমউদ্দীনকে ভালোবেসে বিয়ে করেছিলো রোকসানা আক্তার। কিন্তু প্রথম দিকে রোকসানাকে মেনে নেয়নি জসীমউদ্দীনের বাবা-মা। মেনে নেয়ার পর চলতি বছর তাদের একটা ছেলে সন্তান হয়।

তিনি আরো জানান, সন্তান হবার পর থেকে জসীমউদ্দীনের চারিত্রিক অধপতন শুরু হয়। সে মাদকাসক্ত হয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী কবিরের সহযোগী হিসেবে কাজ করা শুরু করে। এতে সংসারে চরম কলহ তৈরি হয়। কারণে-অকারণে প্রায় সময় জসীমউদ্দীন তার স্ত্রীকে ব্যাপক মারধর করতো। সইতে না পেরে জসিমের বিরুদ্ধে মামলা করে রোকসানা। এতে ক্ষুব্ধ ছিলেন জসিম উদ্দিন। এ ঘটনার জের ধরে নির্যাতন আরো বাড়িয়ে দেয় জসিম উদ্দিন। পিটিয়ে রোকসানাকে হত্যা করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। রোকসানার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

সদর থানার ওসি-তদন্ত খায়রুজ্জামান মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, গলায় ওড়না পেঁচানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন