বাংলাধারা ডেস্ক »
ড. কামাল হোসেন যেভাবে সরকারকে টেনে রাস্তায় নামানোর কথা বলেছেন, তাতে তিনি আইন ও আদালতকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি আরও বলেন, সরকারকে নামানো তো সম্ভবই নয় বরং তারা নিজেরাই রাস্তায় পড়ে গেছেন। যেখান থেকে তারা আর উঠে দাঁড়াতে পারছেন না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. কামাল হোসেন সমাবেশে যেভাবে কথা বলেছেন, এতে বুঝা যায় তারা আইন ও আদালতকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছেন।সরকারের প্রতি হুমকির ভাষার ব্যবহার তাদের ব্যক্তিত্বের সঙ্গে সাংঘর্ষিক। সরকারের বিষয়ে মাথা না ঘামিয়ে নিজ দলের ঐক্যের বিষয়ে মনোযোগী হতে ড.কামাল হোসেনের প্রতি আহবান জানান হাছান মাহমুদ।
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেয়ার এখতিয়ার সরকারের নেই জানিয়ে মন্ত্রী বলেন, বিক্ষোভ সমাবেশ তারা করতেই পারেন। তবে ভাষাগুলোর ব্যাপারে আরও সংযত হওয়া দরকার।
কর্মশালায় তথ্যমন্ত্রী বলেন, তৃণমূলের উন্নয়নেই কাজ করছে বর্তমান সরকার।হতাশাগ্রস্ত তথ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নেয়া সম্ভব নয়। আশাবাদী তথ্য প্রচার করে দেশ ও জাতিকে এগিয়ে নেবে। দেশের অগ্রগতির কথাগুলো মানুষকে জানাতে হবে। সেইসঙ্গে মানবিক রাষ্ট্র গড়ে তুলতেও সকলে প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দীক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদসহ প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম












